লাফার্জহোলসিমের বিশেষায়িত সিমেন্ট ‘কোস্টাল গার্ড’ বাজারে

Printed Edition

দেশের উপকূলীয় অঞ্চলে লোনা পানি ও সালফেটের কারণে অবকাঠামোর দ্রুত ক্ষয় রোধে ‘হোলসিম কোস্টাল গার্ড’ নামে বিশেষায়িত সিমেন্ট বাজারে এনেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। সম্প্রতি খুলনার একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সিমেন্টের মোড়ক উন্মোচন করা হয়।

ফ্রান্সের লিওনে অবস্থিত হোলসিম গ্রুপের ইনোভেশন সেন্টারের সহযোগিতায় এবং ‘স্মার্ট ব্লেন্ড টেকনোলজি’ ব্যবহার করে এই সিমেন্ট উদ্ভাবন করা হয়েছে। এটি উপকূলীয় পরিবেশের সালফেট ও ক্লোরাইড সমৃদ্ধ মাটি, ভূগর্ভস্থ নোনা জল এবং সমুদ্রের পানির রাসায়নিক আক্রমণ থেকে স্থাপনাকে রক্ষা করে দীর্ঘস্থায়ী ও টেকসই নির্মাণ নিশ্চিত করবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশের কমার্শিয়াল ও লজিস্টিকস ডিরেক্টর মোহম্মদ মাহফুজুল হক বলেন, ‘উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যেই ‘হোলসিম কোস্টাল গার্ড’ আমাদের সেরা উদ্ভাবনগুলোর একটি। বিস্তর গবেষণা ও পরীক্ষার মাধ্যমে তৈরি এই সিমেন্ট এ অঞ্চলের মানুষের নির্মাণে স্থায়িত্ব ও স্বস্তি ফিরিয়ে আনবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। তিনি তার কারিগরি প্রবন্ধে উপকূলীয় অঞ্চলে টেকসই নির্মাণে বিশেষায়িত সিমেন্টের গুরুত্ব তুলে ধরেন। লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব ইনোভেশন অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দীন মো: খান সিমেন্টটির কার্যকারিতা ব্যাখ্যা করেন।

খুলনা অঞ্চলের ব্যবসায়ী বিপ্লব সাধু জানান, গত দুই দশকে লোনা পানির কারণে অনেক সুন্দর বাড়ি বসবাসের অযোগ্য হতে দেখেছেন তিনি। এই সিমেন্ট এখন সেই সঙ্কটের কার্যকর সমাধান দেবে।

অনুষ্ঠানে কুয়েটের বিইসিএম বিভাগের প্রধান ড. মো: হাবিবুর রহমান সবুজ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আর্কিটেক্ট এস এম নাজিমুদ্দীন পায়েলসহ ১৬০ জনের বেশি প্রকৌশলী, স্থপতি ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।