মোদি ট্রাম্পকে ফোন না করায় নস্যাৎ ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি

Printed Edition

ইনডিয়ান এক্সপ্রেস

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্যচুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ার নেপথ্যের কারণ নিয়ে মুখ খুলেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তার দাবি, সবকিছু প্রস্তুত থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় চুক্তিটি আর বাস্তবায়িত হয়নি।

লুটনিক গতকাল শুক্রবার জনপ্রিয় মার্কিন পডকাস্ট ‘অল ইন’-এ দেয়া সাক্ষাৎকারে বলেন, “চুক্তির সব শর্ত গুছিয়ে রাখা হয়েছিল, আলোচনার টেবিলও প্রস্তুত ছিল। কিন্তু শেষ সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। আমি ভারতীয় পক্ষকে বলেছিলাম, মোদি যেন তাকে ফোন করেন। কিন্তু তারা এতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি, আর মোদি ফোনও করেননি।’

তিনি জানান, ভারতকে তিন সপ্তাহ সময় দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা চুক্তি চূড়ান্ত করতে পারেনি। পরবর্তীতে যখন ভারত পুরনো শর্তে চুক্তি করতে চায়, তখন ওয়াশিংটন ইতোমধ্যেই শর্ত পরিবর্তন করে ফেলে। লুটনিকের ভাষায়, ট্রেন অনেক আগেই স্টেশন ছেড়ে গেছে।”

এই মন্তব্য থেকে স্পষ্ট হয়, দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছালেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে মার্কিন পক্ষ পিছিয়ে যায়। লুটনিক উদাহরণ টেনে বলেন, যুক্তরাজ্য দ্রুত সিদ্ধান্ত নেয়ায় তারা সবচেয়ে ভালো সুবিধা পেয়েছে। এরপর ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনও দ্রুত চুক্তি করে ফেলে। কিন্তু ভারত দেরি করায় সুযোগ হাতছাড়া হয়েছে।