বাঁশখালীতে ৩ জুয়াড়ির কারাদণ্ড
Printed Edition
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জুয়া খেলার দায়ে তিন ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, কাথারিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল হামিদ (২৫), মো: মনজুর (২৮) ও মো: এনাম (২৫)।
গতকাল শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন। এর আগে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
বাঁশখালী থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ অর্থ জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেয়া হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ সাইফুল্লাহ জানান, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।