গজারিয়ায় যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার ভোরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম রাকিব (২২)। তিনি গজারিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পরিবারের সাথে বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন এবং একটি ফ্যান কারখানায় কাজ করতেন।

স্বজনদের অভিযোগ, গত রোববার রাত ১২টার দিকে তিন যুবক একটি গাড়ি নিয়ে বাসায় এসে নয়ন-পিয়াস গ্রুপের পিয়াসের সাথে দেখা করার কথা বলে রাকিবকে নিয়ে যায়। রাতে তিনি বাসায় না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সোমবার ভোরে বালুরচর এলাকায় নদীর পাড়ে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের মা রুমি বেগম বলেন, যারা তার ছেলেকে নিয়ে গিয়েছিল, তারা পরিচিত হওয়ার কথা বলে নিরাপদে ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু পরে ছেলের ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনদের দাবি, নয়ন-পিয়াস গ্রুপের লোকজনই তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে অভিযুক্ত পিয়াস এই ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।