নোয়াখালী-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
প্রতিদ্বন্দ্বী বিএনপির বরকত উল্লা বুলু ও জামায়াতের বোরহান উদ্দিন
Printed Edition
মুহাম্মদ হানিফ ভূঁইয়া নোয়াখালী অফিস
জাতীয় সংসদের নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন। এখানে সাতজন প্রার্থী হলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি বরকত উল্লা বুলু ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের সাথে।
১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসন। জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনী পৌরসভা এ আসনে যুক্ত থাকায় আসনটির বেশ গুরুত্ব রয়েছে। এ আসনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ১১ হাজার ৭৫৯। তার মধ্যে পুরুষ দুই লাখ ৬৯ হাজার ৮৮৬ জন। আর মহিলা ভোটার হচ্ছে দুই লাখ ৪১ হাজার ৮৬৫ জন। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। পথে ঘাটে, চা দোকান, হাটবাজারে শুরু হয়ে গেছে নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনা।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল চারজন। পরবর্তীতে সাবেক এমপি ও মন্ত্রী বরকত উল্লা বুলুকে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হয়। এতে চাপা ক্ষোভ বিরাজ করছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে।
দলীয় মনোনয়ন ঘোষণা বিলম্ব হওয়ার কারণে বিএনপি কর্মীরা দেরিতে গণসংযোগ শুরু করেন। সম্প্রতি বিএনপি প্রার্থী বরকত উল্লা বুলু কর্মী সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা গণসংযোগ কর্মী সমাবেশ করছেন।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত বরকত উল্লা বুলু ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের সাথে। গত এক বছর আগে থেকেই মাওলানা বোরহান উদ্দিনকে জামায়াত গ্রিন সিগন্যাল দিয়ে আসছে। এর পর থেকেই তিনি অব্যাহতভাবে কর্মী সমাবেশ এবং প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ কারণে এখানে জামায়াতের রয়েছে শক্ত অবস্থান। অন্য দিকে মাওলানা বোরহান উদ্দিন নিজেও একজন সৎ ও সচ্ছল ব্যক্তি এবং বিগত দুইবারে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ফলে তার রয়েছে ব্যাপক সুনাম ও খ্যাতি।
অন্য দিকে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত অত্র আসনটি ফ্যাসিস্ট আমলে বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ দখলে নেয়। এবার হারিয়ে যাওয়া আসনটি ফিরে পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক এমপি ও মন্ত্রী হিসেবে বরকত উল্লা বুলুরও রয়েছে ব্যাপক পরিচিতি ও প্রভাব।
এ কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লা বুলুর সাথে জামায়াতের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। এই লড়াইয়ে কে চূড়ান্ত বিজয় অর্জন করবেন তা জানতে আগামী ১২ ফেব্রওয়ারি নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।