১০ দিনে ৩ হত্যা
রায়পুরায় শ্বশুরবাড়িতে গুলিতে প্রবাসী নিহত
Printed Edition
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর রায়পুরায় ১৫ দিন আগে দেশে ফিরে শ্বশুরবাড়ির লোকজনের গুলিতে নিহত হয়েছেন মামুন মিয়া (২৫) নামে এক প্রবাসী। এ সময় তার বাবাসহ আরো ১০ জন আহত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষার দড়িগাঁও ছক্কার বাড়ির মোড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া (২৫) দড়িগাঁও গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ও কুয়েত প্রবাসী ছিলেন। ১৫ দিন আগে পাঁচ মাসের ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন বলে জানান তার বোন সোমা আক্তার।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘ দিন ধরেই নিলক্ষা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিদ মিয়া গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শহিদ মিয়া গ্রুপে নেতৃত্ব দেন নাজিম উদ্দিন মেম্বার ও ফেলু মিয়া গ্রুপে নেতৃত্ব দেন জবা মিয়া। আর নিহত মামুন ছিলেন জবা মিয়ার ভাতিজির জামাই সে সুবাদে মামুন দুই গ্রুপের মধ্যে সমঝোতা করতে শ্বশুরবাড়ি গেলে সেখানকার লোকদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে তার বাবা আউয়াল মিয়াও উপস্থিত হন। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন মামুনকে গুলি করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মামুনের বাবা আউয়ালসহ উভয় পক্ষের অন্ততঃ ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মামুনের বাবা আউয়াল মিয়া এবং পরশ মিয়া নামে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতরা পুলিশী গ্রেফতার এড়াতে গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।