সন্তানের ফলাফল নিয়ে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করছে : বাউবি ভিসি

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সেশনজট নিরসন, শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় এবং বাউবির শুরু থেকে বর্তমান পর্যন্ত অর্জনের নানা প্রেক্ষিত এবং উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দেশের অভিভাবকদের মধ্যে সন্তানের ফলাফলকে কেন্দ্র করে এক ধরনের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে উঠেছে, যা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করছে। তিনি এ মানসিকতা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক, দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেশনজট সম্পূর্ণরূপে নিরসন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অটোমেশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে, যার ফলে ফলাফল প্রকাশসহ বিভিন্ন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে। ভিসি আরো বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার গুরুত্ব বাড়ছে। এ প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। গবেষণার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব নতুন জ্ঞান সৃষ্টি করা। এ জন্য তিনি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়াও শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল নয়, শক্তিশালী শিক্ষাগত ভিত্তি ও দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। তা হলেই একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব হবে বলে অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান অভিমত ব্যক্ত করেন।