আইসিসি মাস সেরা সোবহানা মোস্তারি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিসকে পেছনে ফেলে আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। লম্বা সময় পর সোবহানা পেলেন দ্বিতীয় পুরস্কার।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারীদের টি-২০ বিশ্বকাপ। তার আগে নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচে ৪৫.৮০ গড়ে ২২৯ রান করেন ডান হাতি এই ব্যাটার মোস্তারি। বাংলাদেশকে প্রতিযোগিতার মূল পর্বে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন তিনি। থাইল্যান্ডের বিপক্ষে ৫৯ রান করে টুর্নামেন্ট শুরু করেছিলেন। এ ছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪৭ রান। বাকি পাঁচ ম্যাচের চারটিতেই রান করেছিলেন ত্রিশের বেশি। ইনিংসগুলো হচ্ছে- ৩৩*, ৩০, ৩৪* ও ৩২। এক ম্যাচে তার রান ছিল ২৭।

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়ে থগথ্যাবি লুইস ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন।