ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি

Printed Edition

কক্সবাজার অফিস

দেশীয় চিংড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হিসেবে ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি (পোনার ডিম) আমদানি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে এর অনুমতি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

গত সোমবার দুপুরে কক্সবাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, ভেনামি চিংড়ির নপলি আমদানির কারণে দেশের চিংড়ি শিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে দেশীয় হ্যাচারি মালিক, চাষি এবং সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষের জীবিকা হুমকির মধ্যে পড়বে। পাশাপাশি বিদেশী নপলি আমদানির মাধ্যমে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা দেশের চিংড়ি উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যে বাংলাদেশী প্রতিষ্ঠানকে নপলি আমদানির অনুমতি দেয়া হয়েছে, তাদের নিজস্ব কোনো পোনা হ্যাচারি নেই। একইভাবে ভারতের যে প্রতিষ্ঠান থেকে নপলি আমদানির কথা বলা হচ্ছে, সেখানেও কার্যকর হ্যাচারি নেই। অথচ মোট ৪২ কোটি নপলি আমদানির অনুমতি থাকলেও একটি সিন্ডিকেট চক্র এই সংখ্যা বাড়িয়ে ২০০ থেকে ৩০০ কোটি নপলি আমদানির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, দেশে পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও আমদানিনির্ভরতা অযৌক্তিক ও ক্ষতিকর। তাই অবিলম্বে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিল করে দেশীয় চিংড়ি শিল্প সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গিয়াসউদ্দিনসহ নেতারা ও চিংড়ি শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।