কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

Printed Edition

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়ক উন্নয়নকাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাহাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবলীগ নেতা রজ্জব হোসেন রাজুর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, অসম্পূর্ণ কাজে বিলের সুপারিশ না করায় উপজেলা প্রকৌশলীর প্রত্যাহার দাবিতে মানববন্ধনও করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে মুরাদনগর উপজেলায় দু’টি সড়ক প্রকল্পের কাজ পায় রাহাত এন্টারপ্রাইজ। একটি প্রকল্প শ্রীকাইল কলেজ থেকে গাজীরহাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এবং অন্যটি দীঘিরপাড় থেকে কুড়াখাল বি-চাপিতলা পর্যন্ত ৮২২ মিটার দীর্ঘ। অভিযোগ রয়েছে, শ্রীকাইল-গাজীরহাট সড়কের কাজটি অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে থাকলেও বাস্তবে তা রজ্জব হোসেন রাজু নিয়ন্ত্রণ করেন এবং কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের জন্য উপজেলা প্রকৌশলীর ওপর চাপ সৃষ্টি করেন।

অপর প্রকল্পে নির্ধারিত সময় ও ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ শেষ না করেই প্রায় ৫০০ মিটার কাজের বিল আদায়ের চেষ্টা করা হয়। প্রকল্প পরিদর্শনে দেখা যায়, কাজের পরিমাণ ও গুণগত মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হয়নি। এতে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সরকারি বিধি অনুসারে বিল অনুমোদনে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার রজ্জব হোসেন রাজু বলেন, ‘আমি পুরো কাজ শেষ করতে পারিনি। যতটুকু কাজ হয়েছে, নিয়ম অনুযায়ী হয়েছে। বিল পেলে বাকি কাজ শেষ করে দেবো।’

মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, ‘ঠিকাদার ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ সম্পন্ন করেননি এবং নির্ধারিত সময়ও অতিক্রম করেছেন। এ অবস্থায় বিল পাওয়ার প্রশ্নই আসে না। বরং নিয়ম অনুযায়ী জরিমানার বিষয়টি প্রযোজ্য। শ্রীকাইল-গাজীরহাট সড়কের দুই কিলোমিটার কাজ ঠিকাদারের অপারগতায় বাতিল করা হয়েছে, সেই কাজের বিল দাবি করাও সম্পূর্ণ নিয়মবহির্ভূত।’