এক শিরোপায় মাতোয়ারা বিশ্ব
চোখধাঁধানো উদ্বোধন
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
আলো ঝলমলে আর চোখধাঁধানো পারফরম্যান্স। বাদ্যযন্ত্রের তালে তালে, সুরের মূর্ছনায় উদ্বেলিত মেক্সিকো সিটি স্টেডিয়াম। আজটেকা মানেই আলাদা আমেজ। ইতিহাসের প্রথম তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন দেখল এই মাঠ, এই শহর। বাইরে হাজারো মানুষের বিক্ষোভ উপেক্ষা করে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ ফুটবলের। ১০ হাজারের বেশি দাঙ্গা পুলিশ যখন বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যস্ত তখন মাঠের মাঝে বিশ্বকাপ ট্রফি নিয়ে উপস্থিত একঝাঁক হলুদ পোশাকধারী। তাদের হাতে ছিল ৪৮ দেশের পতাকা। ৮৩ হাজার দর্শকে ঠাসা মাঠে তখন তুমুল উন্মাদনা। ৩০ ডিগ্রি তাপমাত্রা যেন আরো গরম করে তোলে পুরো আয়োজনকে।
গত কয়েকবারের মতো এবারো উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত সঙ্গীত তারকা শাকিরা। তার সাথে ছিলেন বুরনা বয়। কলম্বিয়ান এই গায়িকা পরিবেশন করেন এবারের অফিসিয়াল সঙ্গীত দাই দাই। অনুষ্ঠান শুরুর আগে ঘোষণা আসে, মেক্সিকো আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছে।
উদ্বোধনের কিছুক্ষণ পরেই মাঠে গড়ায় আসরের প্রথম ম্যাচে। স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা।