ত্রিশালে দেড় কোটি টাকার সড়ক, হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং
Printed Edition
ময়মনসিংহ প্রতিনিধি
ত্রিশাল উপজেলার একটি সড়কে হাত দিতেই উঠে যাচ্ছে পিচ-ঢালাইয়ের কার্পেটিং। প্রায় দেড় কোটি টাকার প্রকল্পের এমন চিত্র প্রকাশ্যে আসার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়দের বাধার মুখে আপাতত নির্মাণকাজ বন্ধ রয়েছে।
কাঁঠাল ইউনিয়নের উকিলবাড়ী কেবিআই সড়ক থেকে দরিকাঁঠাল পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকাকরণ প্রকল্পটি ২০২৪-২৫ অর্থবছরে নেয়া হয়। ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৮৪ টাকা। কাজটি করছে মেসার্স রহমান এন্টারপ্রাইজ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সম্প্রতি শেষ ধাপে কার্পেটিং শুরু হয়।
সরেজমিন দেখা যায়, প্রায় ৪০০ মিটার অংশে কার্পেটিং সম্পন্ন হয়েছে। তবে বিভিন্ন স্থানে পিচের স্তর আলগা। স্থানীয়রা হাত দিয়ে টান দিতেই উঠে আসছে পিচের আস্তরণ। কেউ কেউ সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করছেন।
বাসিন্দাদের অভিযোগ, সড়কের ওপর জমে থাকা ধুলাবালি পরিষ্কার না করেই বিটুমিন ঢালা হয়েছে। বিটুমিনের পরিমাণ কম দেয়া, পিচ-পাথরের সঠিক মিশ্রণ না থাকা এবং যথাযথ কম্প্যাকশন না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বর্ষায় সড়কটি আবারো খানাখন্দে পরিণত হবে।
স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে কাজ শুরু করা হয়। দুই দিনের মাথায় পিচ উঠে যাচ্ছে। কয়েকটি গ্রামের মানুষের একমাত্র ভরসা এই সড়ক, বলেন এক বাসিন্দা। তারা প্রকল্পের গুণগত মান নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানের প্রতিনিধি মো: রাজু আহমেদ বলেন, সরকারি নিয়ম মেনেই কাজ হয়েছে, অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন বলেন, কিছু ব্যক্তি না বুঝে পিচের স্তর তুলে ফেলেছেন। কাজে অনিয়ম হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, তিনি সড়কটি পরিদর্শন করেছেন। অভিযোগ থাকলে প্রশাসনকে জানানো উচিত ছিল, নিজ হাতে কার্পেটিং তুলে ফেলা গ্রহণযোগ্য নয়।