সাতক্ষীরার ৪টি আসনে ১৯ প্রার্থী, এগিয়ে জামায়াত
১৮ লাখ ভোটার
Printed Edition
সাতক্ষীরা প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর পর অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় সাতক্ষীরার ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলার চারটি সংসদীয় আসনে ৬০৯টি ভোটকেন্দ্রের তিন হাজার ৪১০টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার।
এবার সাতক্ষীরার চার আসনে একজন স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও ১১-দলীয় জোট (জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক দল সমর্থিত) প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার চার লাখ ৯৬ হাজার ৮৪৮ জন; এর মধ্যে নারী দুই লাখ ৪৮ হাজার ৯৭৩, পুরুষ দুই লাখ ৪৭ হাজার ৮৭৩ এবং হিজড়া ভোটার দুইজন। কেন্দ্র রয়েছে ১৬৮টি।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ছয়জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার পাঁচ লাখ ৩৫ হাজার ৬৫৪ জন; নারী দুই লাখ ৬৯ হাজার ৬৮৫, পুরুষ দুই লাখ ৬৫ হাজার ৯৬৫ এবং হিজড়া চারজন। কেন্দ্র ১৮০টি।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে পাঁচজন প্রার্থী থাকলেও একজন সরে দাঁড়িয়েছেন। মোট ভোটার পাঁচ লাখ দুই হাজার ২২২ জন; নারী দুই লাখ ৪৮ হাজার ২৩৫, পুরুষ দুই লাখ ৫৩ হাজার ৯৮৪ এবং হিজড়া তিনজন। কেন্দ্র ১৬৫টি। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৫০ জন; নারী এক লাখ ৪৮ হাজার ২০, পুরুষ এক লাখ ৫০ হাজার ২৬ এবং হিজড়া চারজন। কেন্দ্র ৯৬টি।
নির্বাচন শান্তিপূর্ণ করতে চার আসনে দুই হাজার ৩২ জন পুলিশ, ৫৮৪ জন সেনাসদস্য, ৬৪২ জন র্যাব সদস্য, ৪৩২ জন বিজিবি সদস্য, ১২০ জন ব্যাটালিয়ন আনসার ও সাত হাজার ৯৫৯ জন অঙ্গীভূত আনসার দায়িত্ব পালন করবেন। থাকবে ২৯টি মোবাইল টহল দল ও চারটি বিশেষ টিম। নির্বাচনী অপরাধ দমনে মাঠে থাকবেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন।