তফসিল ঘোষণার বিষয়ে ইসি রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছে

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে ইসি এই চিঠি দিয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী রোববার ইসি কমিশন সভা ডেকেছে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত এক কর্মশালায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

সচিব বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-১৯৭২ বা আরপিওর একটা এমেন্ডমেন্ট ছিল যে প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালট কাউন্টিং পদ্ধতিটা কী হবে। কোন কোন ব্যালটগুলো বাদ যাবে এবং কী পদ্ধতিতে কাউন্ট করা হবে। উপদেষ্টা পরিষদ সেটি অনুমোদন করেছে।

আর এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, আরপিওর সর্বশেষ সংশোধনীও অনুমোদন হয়েছে। সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্র জানায়, ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে (৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যে যেকোনো এক দিন)।