নাহিদ-রিশাদের প্রশংসায় সোধি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নাহিদ রানার বোলিংয়ে যেমন মুগ্ধ নিউজিল্যান্ডের তারকা স্পিনার ইশ সোধি তেমনি রিশাদের বৈচিত্র্যময় ঘূর্ণিতেও মুগ্ধ নিউজিল্যান্ডের টি-২০ স্কোয়াডে যোগ দেয়া স্পিনার ইশ সোধি। গতকাল সংবাদ সম্মেলনে জানালেন, নাহিদ রানার মতো এভাবে ধারাবাহিকভাবে গতিময় বোলিং করতে দেখেননি আর কাউকে। ‘বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স মনোমুগ্ধকর। যেভাবে বল করছে, বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারবে। নাহিদ রানাকে আগে বল করতে দেখিনি। বিশেষ করে এশিয়ান কন্ডিশনে। খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। তবে শুনেছি ওর প্রতিটি বল উচ্চ গতির, তাও পুরো ১০ ওভার জুড়ে। আমাদের ব্যাটারদের কিছু ভালো পারফরম্যান্সের সাথে জয়ের প্রত্যাশাও করছি। বাংলাদেশের এই দল বেশ ভিন্ন। কয়েকজন নামজাদা পেসার আছে যাদের আগে খেলিনি। এই কন্ডিশনে ভালো একটা পরিক্ষা হয়ে যাচ্ছে।’

নাহিদ রানার সঙ্গে টি-২০তে নেই মোস্তাফিজুর রহমানও। তার পরও যেন স্বস্তিতে নেই সোধি, ‘মোস্তাফিজ ও নাহিদ গত সিরিজে যেভাবে বল করেছে, তা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। তবে এটি নতুন দল, নতুন চ্যালেঞ্জ। মোস্তাফিজের বিরুদ্ধে আগে খেলা হয়েছে তাই পুরনো বোলারদের ব্যাপারে কৌশল সাজানো যায়। কিন্তু এখন তো দেখছি পুরো নতুন অ্যাটাক।’

স্মৃতিচারণ করে সোধি বলেন, ‘বাংলাদেশে যখন প্রথম এসেছিলাম, ২০১৩ সালে। পুরো ভিন্ন দল ছিল। এখন অনেকেই নতুন এসেছে। বাংলাদেশ এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে। তবে ২০১৩ সালের দলের কেউই এখন নেই। তাই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। বাংলাদেশ এই কন্ডিশনে সবসময় চ্যালেঞ্জিং দল। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।’

রিশাদকে নিয়ে সোধির পর্যালোচনা, ‘রিশাদের সাথে আমার কথা হয়েছে কয়েকবার। শুধু সিরিজ নয়, নানা কিছু নিয়েই কথা হয়েছে। সে কিভাবে খেলছে, এই কন্ডিশনে কিভাবে ভালো করতে হবে এসব নিয়ে ধারণা নিয়েছি। সে খুব মেধাবী বোলার। দিনকে দিন ভালো করছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে দারুণ এক সূচনা পেয়েছে। সে অস্ট্রেলিয়ায় অনেক ভালো বল করেছে বিগ ব্যাশে। সে বৈচিত্র্যময় লেগ স্পিনার। সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা লো অ্যান্ড স্কিডি থাকে। তবে সে ট্র্যাডিশনাল। অনেক বাউন্স আদায় করে নিতে পারে। তার মতো বোলার এই অঞ্চলে দীর্ঘদিন দেখিনি। সে দারুণ এক সম্ভাবনাময় খেলোয়াড়।’