ত্রয়োদশ সংসদ নির্বাচন
ঋণ ও বিল খেলাপির মনোনয়ন বাতিল
Printed Edition
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর যদি ব্যাংক ঋণ থাকে, পাশাপাশি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ না করলে তার মনোনয়ন বাতিল হবে। এ ছাড়া সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল বাকি থাকলেও তার মনোনয়ন বাতিল হবে। গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রজ্ঞাপনে ইসি জানিয়েছে, সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্যতা-অযোগ্যতা বিষয়ে সংবিধানের ৬৬(১) (২) ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তা ছাড়া সংবিধানের ১৫২ অনুচ্ছেদের প্রজাতন্ত্রের কর্ম ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। প্রার্থী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কোনো কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের আগে পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।
এ ছাড়া কৃষিকাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষি ঋণ ছাড়া মনোনয়নপত্র দাখিলের আগে ব্যাংক থেকে নেয়া ঋণ বা তার কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। একই সাথে মনোনয়নপত্র দাখিলের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।
ইসি আরো জানায়, মনোনয়নপত্রে প্রার্থীর সই করা একটি হলফনামা দাখিল করতে হবে। উল্লেখিত বিধানগুলো স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকেও এ বিষয়ে প্রচারের ব্যবস্থা করা হবে।
এ দিকে, লাভজনক পদ অর্থাৎ প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সরকারের ৫০ শতাংশের অধিক শেয়ার আছে এমন কোনো কোম্পানির কোনো পদ বা পদমর্যাদায় অধিষ্ঠিত থাকা ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।