মেক্সিকোতে সঙ্ঘাতের সুযোগে কারাগার থেকে ২৩ কয়েদির পলায়ন
Printed Edition
বিবিসি
মেক্সিকোতে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে মাদকপাচারকারী গ্যাং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর সাথে সঙ্ঘাতের সুযোগে মেক্সিকোর পুয়ের্তো ভাল্লার্তা শহরের কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। গত ২২ ফেব্রুয়ারি রোববার ঘটেছে এ ঘটনা।
প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পুয়ের্তো ভাল্লার্তা জালিস্কো প্রদেশের একটি পর্যটন শহর। এ শহরটি নিয়ন্ত্রণ করত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল। গত ২২ ফেব্রুয়ারি মেক্সিকোর জালিস্কো প্রদেশে সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখা বিশেষ অভিযানে নিহত হন মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী-মাদকপাচারকারী ও সন্ত্রাসী এবং সিজেএনজি গ্যাংয়ের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা কেরভান্তেস (৫৯) ওরফে এল মেঞ্চো এবং তার বেশ কয়েকজন অনুসারী। অভিযানে পরিচালনাকারী টিমের ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্যও নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এল মেঞ্চোর নিহত হওয়ার খবর প্রচারিত হওয়ার পর অস্থিরতা দেখা দেয় পুয়ের্তো ভাল্লার্তা শহরে। সিজেএনজি গ্যাংয়ের লোকজন শহরের বহু সড়ক বন্ধ করে দেয়, পুলিশ স্টেশনে হামলা চালায় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই অস্থিরতা চলার সময় গ্যাংয়ের কয়েক জন সশস্ত্র সদস্য শহরের একটি কারাগারের ফটক ভেঙে দেয় এবং কারগারের সব কয়েদি পালিয়ে যায়।