মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী

Printed Edition

বিশেষ সংবাদদাতা

শীতের মৌসুম শুরু, কাঁচা সবজি বাজারে প্রচুর। তবুও বাজারে পণ্যমূল্য বেশি। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতির ওপরও। নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতির হার আবার মাথাচাড়া দিয়েছে। দেশে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার নভেম্বর মাসে বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশে পৌঁছেছে। এটি অক্টোবরের ৮ দশমিক ১৭ শতাংশের তুলনায় কিছুটা বেশি। তবে গত বছরের একই সময়ে (২০২৪ সালের নভেম্বর) এ হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের সর্বশেষ প্রতিবেদনে। মজুরি হারের ক্ষেত্রে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে গ্রামাঞ্চলের মানুষও সমস্যার মধ্যে রয়েছে।

বিবিএস জানাচ্ছে, নভেম্বরের জন্য প্রকাশিত মূল্যস্ফীতির তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। এটি অক্টোবরের ৭ দশমিক ০৮ শতাংশের তুলনায় বৃদ্ধি। তবে, গত বছরের নভেম্বরের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে। ২০২৪ সালের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। অন্য দিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। নভেম্বরের জন্য এ হার দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশ, যা অক্টোবরের ৯ দশমিক ১৩ শতাংশের তুলনায় সামান্য কম। গত বছরের নভেম্বরে নন-ফুড খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯ শতাংশ।

গ্রামে মূল্যস্ফীতি

গ্রামের মানুষেরও অবস্থার উন্নতি হয়নি। তারা যে পণ্য উৎপাদন করে, তা কিনতেও বেশি খরচ করতে হচ্ছে। নভেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার অক্টোবরের ৮ দশমিক ১৬ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ২৬ শতাংশে উন্নীত হয়েছে। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে ৭ দশমিক ২৭ শতাংশে পৌঁছেছে, যেখানে অক্টোবর মাসে এটি ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার কমেছে। অক্টোবরের ৯ দশমিক ৪১ শতাংশ থেকে এটি নভেম্বর মাসে ৯ দশমিক ২৪ শতাংশে নেমেছে।

শহরে মূল্যস্ফীতি

শহরেও একই চিত্র দেখা যাচ্ছে। মানুষকে পণ্য ক্রয়ে বেশি খরচ করতে হচ্ছে। সার্বিক মূল্যস্ফীতির হার শহরে বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে, যেখানে অক্টোবর মাসে এটি ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে ৭ দশমিক ৬১ শতাংশে উন্নীত হয়েছে, অক্টোবরের ৭ দশমিক ৪৫ শতাংশের তুলনায়। অন্য দিকে, খাদ্যবহির্ভূত খাতে সামান্য হ্রাস দেখা গেছে। অক্টোবরের ৮ দশমিক ৯২ শতাংশ থেকে নভেম্বর মাসে এটি কমে ৮ দশমিক ৯১ শতাংশে এসেছে।

বিবিএসের তথ্যানুযায়ী, গত বছরের নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। চলতি বছরের নভেম্বরে তা কিছুটা কমলেও, মাসিক ভিত্তিতে বৃদ্ধি সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।

মজুরি সূচকে মিশ্র চিত্র

দেশের শ্রমিকদের মজুরি সূচকে নভেম্বর মাসে মিশ্র চিত্র দেখা গেছে। বিবিএস জানাচ্ছে, সাধারণ মজুরি সূচক, শিল্প ও সেবাখাতে বেড়েছে। কিন্তু কৃষিক্ষেত্রে মজুরি সূচক কমেছে।