তাপস ও স্ত্রীর ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম স্থগিতের নির্দেশ
Printed Edition
আদালত প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংক পিএলসিতে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুদকের পৃথক দুই আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো: ফেরদৌস রহমান আবেদনগুলো দাখিল করেন।
তাপসের বিষয়ে আবেদনে উল্লেখ করা হয়, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নামে ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং পাঁচ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত মামলা বর্তমানে তদন্তাধীন। তাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন থেকে বিরত রাখতে ডেবিট কার্যক্রম স্থগিতের প্রয়োজনীয়তার কথা আবেদনে উল্লেখ করা হয়।
অন্য দিকে আফরিন তাপসকে নিয়ে করা আবেদনে বলা হয়, তিনি ও তার স্বামী যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ছয় কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নামে ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা এবং তিন লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায়ও মামলা চলমান রয়েছে। তিনি যেন ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করতে না পারেন, সে কারণে ডেবিট কার্যক্রম স্থগিতের নির্দেশনা চাওয়া হয়। ন।