ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

Printed Edition
3rd-2
ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন ছাত্র ও অষ্টম শ্রেণীর এক ছাত্রী প্রাইভেটে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তাদের পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ দিকে ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ছাত্রীরা হলেন উপজেলার চাডোল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দের মেয়ে খুশি, বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা, রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণী)। স্বজনরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার ছাত্রী এক সাথে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর ফিরে আসেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছে, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে করা সাধারণ ডাযেরির ভিত্তিতে চার ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে।

নিখোঁজ চার ছাত্রীর অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে দ্রুত বালিয়াডাঙ্গী থানা অথবা তাদের পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।