চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থার বৈশ্বিক স্বীকৃতি অর্জন
Printed Edition
বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম
আইএসপিএস (ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি) কোড বাস্তবায়নে আন্তর্জাতিক পরিদর্শন টিমের জিরো অবজারভেশনকে চট্টগ্রাম বন্দরের গৌরবময় অর্জন বলছেন বন্দর সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা বৈশ্বিক স্বীকৃতি অর্জন করল বলে সংশ্লিষ্টদের অভিমত।
আইএসপিএস কোড হলো আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) প্রণীত একটি বৈশ্বিক নিরাপত্তাকাঠামো। যার মূল উদ্দেশ্য হলো জাহাজ ও বন্দর স্থাপনাগুলোয় সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ প্রবেশ, চোরাচালান এবং অন্যান্য নিরাপত্তাঝুঁকি প্রতিরোধ করা। এ কোড বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘœ রাখতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা সুদৃঢ় করে।
বিশ্বের অন্যান্য বন্দরের মতো চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের বাস্তবায়ন কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়ন করা হয়। এ ধারাবাহিকতায় গত ২১-২২ জানুয়ারি ২০২৫ তারিখে ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) দলের দুই দিনব্যাপী অফিসিয়াল পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়। পরিদর্শন শেষে ইউএস কোস্টগার্ড আইপিএস কর্তৃক অতি সম্প্রতি প্রেরিত অফিসিয়াল পরিদর্শন রিপোর্টে চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে কোনো পর্যবেক্ষণ (জিরো অবজারভেশন) উল্লেখ না থাকায় এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
পরিদর্শনকালে ইউএস কোস্টগার্ড আইপিএস প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইএসপিএস কোড বাস্তবায়নের অবস্থা, নিরাপত্তা ব্যবস্থাপনার কার্যকারিতা এবং সংশ্লিষ্ট অবকাঠামো পর্যালোচনা করে। পরিদর্শনের সংক্ষিপ্ত বিবৃতিতে বন্দর এলাকায় গৃহীত নিরাপত্তাব্যবস্থা, পেশাদার জনবল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণের বিষয়টি ইতিবাচকভাবে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মো: ওমর ফারুক জানিয়েছেন, অফিসিয়াল পরিদর্শন রিপোর্টে ‘জিরো অবজারভেশন’ অর্জন চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের সফল ও কার্যকর বাস্তবায়নের একটি সুস্পষ্ট প্রমাণ। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থার মান ও সমতা আরো সুদৃঢ়ভাবে স্বীকৃতি লাভ করেছে।
তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইএসপিএস কোড বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক নিরাপত্তাসরঞ্জাম, সিসিটিভি নজরদারি, অ্যাক্সেস কন্ট্রোল, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী এবং আইএসপিএস মনিটরিং সেলের কার্যকর ভূমিকা এই অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বন্দর সচিব বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই নিরাপত্তা মান বজায় রাখা এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ। বন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থাপনা আরো উন্নত ও যুগোপযোগী করার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহনে চট্টগ্রাম বন্দরের আস্থা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাবে। চট্টগ্রাম বন্দর আশা করছে, বন্দর ব্যবহারকারী সব স্টেকহোল্ডার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সার্বিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখা ও সুনাম অক্ষুণœ রাখা সম্ভব হবে।