টঙ্গীতে মানুষের খণ্ডিত পা উদ্ধার বাকি অংশ খুঁজছে পুলিশ

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর রেলসেতুর উত্তর পাশে পরিত্যক্ত কার্টুনের ভেতরে পলিথিনে মোড়ানো মানবদেহের একটি পায়ের গোড়ালিসহ নিচের অংশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। দেহের বাকি অংশ খুঁজছে পুলিশ। এটি কোথা থেকে কী করে এখানে এলো এ নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নানা সংস্থা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পুলিশ এই খণ্ডিত পায়ের সন্ধান পায়।

পুলিশ জানায়, টঙ্গী রেলওয়ে সেতুর উত্তর অংশে টঙ্গী বাজার গরুহাটা মসজিদ সংলগ্ন রেললাইনের পাশে এক কার্টুন থেকে রক্ত পড়তে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ পরিত্যক্ত কার্টুনটি উদ্ধার করে এর ভেতর থেকে একটি পায়ের গোড়ালিসহ নিচের অংশ দেখতে পায়। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের হওয়ায় টঙ্গী পূর্ব থানা পুলিশ খণ্ডিত পায়ের অংশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ বিষয়ে জিডি করে বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।