আফঈদাদের আরেক বিশ^কাপের মিশন আজ শুরু

বাংলাদেশের খেলাগুলো

Printed Edition
khela-3
অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

  • ১ এপ্রিল বাংলাদেশ-থাইল্যান্ড ৭টা
  • ৪ এপ্রিল বাংলাদেশ-চীন ৩টা
  • ৭ এপ্রিল বাংলাদেশ - ভিয়েতনাম ৭টা

নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিয়ে যতোটা মাতামাতি হয়েছিল ততোটা নেই এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল নিয়ে। অথচ এই আসরেও বাংলাদেশের সামনে বিশ^কাপে খেলার সুযোগ। এ জন্য অবশ্য সেমিফাইনালে উঠতে হবে মানে সেরা চারে উঠতে হবে। যেখানে নারী এশিয়ান কাপে সেরা ছয়ে থাকতে পারলেই হতো। বয়স ভিত্তিক নারীদের জন্য লক্ষ্যটা কঠিন। তবে অসম্ভব নয়। এই মিশনেই আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল মাঠে নামছে। প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। ভেন্যু থামাসাথ স্টেডিয়াম। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ। ‘এ’ গ্রুপের এই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে নক আউট পর্ব যাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। এরপর তাদের ম্যাচ ৪ তারিখে চীন এবং ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে। উল্লেখ্য এই আসরের সেরা চার দল এই বছর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ বিশ^কাপে খেলার সুযোগ পাবে।

এটি এএফসির ১২তম অনূর্ধ্ব-২০তম আসর। আর বাংলাদেশ এই প্রথম অংশ নিচ্ছে এই আসরে। গত বছর লাওসের মাঠে লাওস এবং পূর্ব তিমুরকে হারিয়ে বাংলাদেশ এই চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা করে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে ১১৩তে। আর থাইল্যান্ডের অবস্থান ৫২। তার উপর থাইল্যান্ড স্বাগতিক। ফলে থাই মেয়েরা সব দিক থেকেই এগিয়ে। বাংলাদেশ ২০১৯ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে ০-১ গোলে হেরেছিল থাইল্যান্ডের কাছে। যদিও এর আগে জাপানের মাঠে বাংলাদেশ হারিয়েছিল থাইল্যান্ডকে। বর্তমানে বাংলাদেশ দল ভালো ফর্মে আছে। দলের ১০ ফুটবলার আছেন যারা সিনিয়র জাতীয় দলের সাথে নারী এশিয়ান কাপের স্কোয়াডে ছিলেন। এদের মধ্যে অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, উমেহেলা মারমা, সৌরভী আকন্দ প্রীতি, গোলরক্ষক মিলি আক্তার, স্বপ্না রানীরা নারী এশিয়ান কাপে খেলেছেন। থাইল্যান্ডের সাথে এই ম্যাচের আগে পিটার জেমস বাটলারের দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। দুই ম্যাচেই অপরাজিত। প্রথম ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করার পর পরের ম্যাচে জর্দানকে ২-০ গোলে হারায়।

বাংলাদেশ যদি গ্রুপ রানার্সআপ হতে পারে তা হলেই তারা যাবে কোয়ার্টার ফাইনালে। রানার্সআপ হতে না পারলেও যদি তৃতীয় হতে পারে এবং তিন গ্রুপের তৃতীয় হওয়া তিন দলের মধ্যে যদি সেরা দুইয়ে থাকতে পারে তা হলেই চলে যাবে শেষ আটে। এ জন্য মিলি আক্তার, উমেহেলাদের এক জয় এবং এক ড্র করলেই চলবে। উল্লেখ্য বাংলাদেশের গ্রুপের অপর দুই দল চীনের র‌্যাংকিং ১৬। ভিয়েতনামের ৩৭। বাংলাদেশ এর আগে ঢাকার মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে ২-০ গোলে হারিয়েছিল ভিয়েতনামকে।

খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সই আশা দেখাচ্ছে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বাটলার জানান, আমরা সিনিয়র জাতীয় দলে অনূর্ধ্ব-২০ দলের ১০/১২ জনকে রেখেছিলাম। এশিয়ান কাপে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। তবে যে অভিজ্ঞতাটা ফুটবলাররা পেয়েছে সেটা কাজে লাগবে। ফলাফলের বিষয় চিন্তা করি না। তবে ইতিবাচক কিছু দেখাতে পারবো।’ কোচের আশা ফুটবলাররা, মেয়েরা সামর্থ্যরে সেরাটা দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে।