দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

Printed Edition
first-3
সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি মোকাবেলা নিয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সব বাংলাদেশীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সাথে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং সব শহীদের রূহের মাগফিরাত কামনা করছি।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি। আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করছি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলা নিয়ে বিশেষ সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা হয়েছে।

গতকাল বুধবার সকালে ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ, উদ্ধার তৎপরতা জোরদার

দৌলতদিয়া ফেরি ঘাটে বাস দুর্ঘটনার তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জেলা প্রশাসনের সাথে ফোনে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং দ্রুত উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বুধবার বিকেলে ঘটে যাওয়া মর্মান্তিক এই বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দুর্ঘটনায় হতাহতের খবরে শোকাহত প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসাথে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতির ওপর সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (বিকেল সোয়া ৫টার দিকে) দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। ঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষমাণ অবস্থায় একটি ফেরির ধাক্কায় বাসটি পন্টুন থেকে ছিটকে পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। এ পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।