৩০ বছর ধরে পেটে সচল লাইটার!

Printed Edition
back-5
৩০ বছর ধরে পেটে সচল লাইটার!

নয়া দিগন্ত ডেস্ক

৩০ বছর পর এক ব্যক্তির পেট থেকে বের করা হলো সিগারেটে আগুন ধরানোর লাইটার। জরুরি গ্যাস্ট্রোস্কোপি করার পর চিকিৎসকরা ওই ব্যক্তির পেটে একটি ঘনক আকৃতির বস্তু দেখতে পান, যার গঠন পাকস্থলীর এসিডে বিকৃত হয়ে গিয়েছিল।

তবে বস্তুটির পৃষ্ঠ মসৃণ ও পিচ্ছিল হওয়ায় একাধিকবার চেষ্টা করেও সেটি বের করা সম্ভব হয়নি। এরপর চিকিৎসকরা বস্তুটি সম্পর্কে আরো তথ্য সংগ্রহের জন্য অপসারণ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন পেটে থাকা এই আয়তাকার জিনিসটি কী হতে পারে? তখন তিনি নব্বইয়ের দশকের শুরুর দিকের একটি ঘটনার কথা মনে করেন। সে সময় বন্ধুদের সাথে মদ্যপ অবস্থায় বাজি ধরে একটি প্লাস্টিকের লাইটার গিলে ফেলেছিলেন। তবে ভেবেছিলেন সেটি অনেক আগেই তার শরীর থেকে বেরিয়ে গেছে, তাই কখনোই পরিবারের কাউকে বিষয়টি জানাননি।

এরপর বিগত বছরগুলোতে মাঝে মধ্যে পেটে ব্যথা হলেও কখনোই ভাবেননি এর কারণ হতে পারে ওই লাইটারটি, যা তিনি প্রায় ৩০ বছর আগে গিলে ফেলেছিলেন।

তার এসব কথা শুনে চিকিৎসকরা অপসারণের কৌশল নির্ধারণ করে লাইটারটিকে সফলভাবে বাইরে বের করে আনেন। কিন্তু তারা দেখতে পান পাকস্থলীর এসিডে লাইটারটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তখনো সেটি সচল ছিল! ইন্টারনেট।