দ্য হানড্রেডে মোস্তাফিজ প্রথম

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২০২৬ সালের আসরকে সামনে রেখে অনুষ্ঠিত নিলামে এক লাখ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকা) ভিত্তি মূল্যে এই বাঁ হাতি পেসারকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। তবে নাম থাকলেও দল পাননি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ আগস্ট। বার্মিংহামের স্কোয়াডে মোস্তাফিজ ছাড়া আছেন পাকিস্তানের উসমান তারিক, দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ও ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড।

দ্য হানড্রেডের এবারের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয় কেবল মোস্তাফিজ ও রিশাদের। মোস্তাফিজের ভিত্তি মূল্য ছিল সর্বোচ্চ এক লাখ পাউন্ড এবং রিশাদের ছিল ৭৫ হাজার পাউন্ড। রিশাদ ছিলেন নিলামের টায়ার ওয়ান স্পিনারদের ক্যাটাগরিতে। এই তালিকায় তার সাথে আরো ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, আফগানিস্তানের এ এম গজনফর ও পাকিস্তানের তারিক। আর মোস্তাফিজ ছিলেন ড্রাফটের লংলিস্ট ক্যাটাগরিতে। তৃতীয় ও শেষ ধাপে তাকে দলে টানার প্রস্তাব দেয় বার্মিংহাম। নিয়মানুযায়ী, শেষ ধাপে কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো খেলোয়াড়কে চাইলে ভিত্তি মূল্যেই নিতে হয়।

দল পেয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সাতক্ষীরা এক্সপ্রেস লিখেছেন, ‘দ্য হানড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১২ কোটি ২৬ লাখ টাকা। তবে রেকর্ড দামে বিক্রি হলেও এ বছরের ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে বাদ দেয় কলকাতা। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলা হয়নি মোস্তাফিজের।

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজকে ছয় কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৮৩ লাখ টাকা। একই দলে এবার খেলবেন আরেক বাংলাদেশী পারভেজ হোসেন ইমন। পিএসএলে গত বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়েই অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ। এবার তিনি খেলবেন পিন্ডিজ দলে। সবশেষ বিগ ব্যাশেও হোবার্ট হারিকেনসের হয়ে লেগস্পিনের ভেলকি দেখিয়েছেন রিশাদ।