তেহরানে একক হামলার হুমকি নেতানিয়াহুর
Printed Edition
আনাদোলু এজেন্সি
তেহরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে আবার ইরানি ভূখণ্ডে সামরিক শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যেকোনো মূল্যেই হোক ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দূরে রাখতে তেলআবিব বদ্ধপরিকর উল্লেখ করে তিনি জানান, দেশের নিরাপত্তার স্বার্থে নতুন করে যুদ্ধ শুরু করতেও তারা প্রস্তুত।
ইসরাইলি গণমাধ্যম ‘চ্যানেল ১৪’-এর সাথে এক বিশেষ আলাপচারিতায় নেতানিয়াহু দাবি করেন, তাদের নানামুখী তৎপরতার কারণেই ইসরাইল এখন পরমাণু বোমার এক বিরাট বিপর্যয় থেকে সুরক্ষিত রয়েছে। নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী অবস্থান এমন এক সময়ে সামনে এল, যার মাত্র কিছুদিন আগে অর্থাৎ গত ১৮ জুন পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি বড় ধরনের সমঝোতা চুক্তি সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডিজিটাল সইয়ের মাধ্যমে কার্যকর হওয়া এই চুক্তির মূল লক্ষ্য ছিল বিগত চার মাসের রক্তক্ষয়ী সঙ্ঘাতের অবসান ঘটানো। এই দ্বিপক্ষীয় চুক্তিতে শত্রুতা বন্ধ, ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া, তাদের পরমাণু প্রকল্প সীমিত করা, অবরুদ্ধ হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত রয়েছে।