ঢাকা-৭ আসনে বিশাল নারী গণমিছিল
১২ তারিখ কেন্দ্র ও ব্যালট পাহারা দিয়ে ষড়যন্ত্র রুখে দিন : হাজী এনায়েত উল্লাহ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৭ আসনে ১১-দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহ বলেছেন, জনগণের বিজয় নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই কেন্দ্র দখল বা ব্যালট কারচুপির মাধ্যমে ‘ইঞ্জিনিয়ারিং ইলেকশন’ করতে দেয়া হবে না।
গতকাল সোমবার বিকেলে ঢাকা-৭ আসনের কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের সামনে আয়োজিত নারী কর্মীদের এক বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী এনায়েত উল্লাহ অভিযোগ করে বলেন, প্রশাসনের কিছু লোক একটি বিশেষ দলের সাথে আঁতাত করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করার ছক আঁকছে। তারা মূলত নিজেদের অতীত অপকর্মের দায়মুক্তি পেতেই একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাতে চায়। তবে প্রশাসনের ভেতর বা বাইরে থেকে যত ষড়যন্ত্রই হোক না কেন, সাধারণ মানুষ তা রুখে দেবে।
সমাবেশে উপস্থিত কয়েক হাজার নারী কর্মীর উদ্দেশে তিনি বলেন,যারা মা-বোনদের হিজাব ও সম্মানে আঘাত হানে, ব্যালটের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। নারীর অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আপসহীন নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তিনি আরো দাবি করেন, জামায়াতে ইসলামী নেতৃত্বে আসলে নারী সমাজ প্রকৃত অর্থেই সম্মানিত ও মর্যাদাবান হবে।
সমাবেশ শেষে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের সামনে থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানসহ ১১-দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর কয়েক হাজার নারী কর্মী অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।