পুলিশ সদস্যকে চাপা দেয়া কাভার্ডভ্যান চালক গ্রেফতার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও ফ্ল¬াইওভারে কাভার্ডভ্যান চাপায় মো: রুবেল হক নামের এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় পলাতক চালক মো: আবু নাসের ওরফে সোহাগকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার রাতে থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত নায়েক মো: রুবেল হক মালিবাগ থেকে সবুজবাগগামী ফ্লাইওভারে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
এ সময় একই দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ছয় চাকার কাভার্ডভ্যান পেছন থেকে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে চলে গেলে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পল্লবীতে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩ : রাজধানীর পল্লবীতে দু’টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) ও গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব বলছে, গ্রেফতার তিনজন দীর্ঘ দিন ধরে মিরপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে শাহ আলী থানার গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, আসামিদের দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, একটি ম্যাগজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একই অভিযানে আসামিদের সাথে মাদককারবারি বাবু পিচ্চি ওরফে বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
২০০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার : রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ সঞ্চয় দে (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সঞ্চয় দে সঙ্ঘবদ্ধ মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য।
সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।