নিষেধাজ্ঞা অমান্য করে তিতাসে প্রকল্পের মাছ লুট

Printed Edition

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি মৎস্য প্রকল্প থেকে জাল দিয়ে মাছ ধরে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বপন একই গ্রামের সাইফুল ইসলাম মেম্বারের ছেলে এবং জহির মোল্লা হত্যা মামলার আসামি। এ ঘটনায় প্রকল্পের মালিকপক্ষ চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

মামলা সূত্রে জানা যায়, তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের জোয়ার গোবিন্দপুর মৌজার জমির মালিক মানিককান্দি গ্রামের আব্দুর রব দীর্ঘ দিন ধরে সেখানে স্থাপিত মৎস্য প্রকল্পে মাছ চাষ করে আসছেন। জমি ও আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান থাকায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আদালতের আদেশে স্পষ্টভাবে বলা হয়, বিবাদি পক্ষ বাদি পক্ষকে বেদখল করতে পারবে না এবং চাষকৃত মাছ ধরা বা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও তিতাস থানার ওসি সরেজমিন তদন্ত করে সচিত্র প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। এদিকে মামলার বাদি মিজানুর রহমান বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও স্বপন ও তার লোকজন আমাদের প্রকল্প থেকে মাছ নিয়ে গেছে।

উল্লেখ্য, একই মৎস্য প্রকল্পের মাছ ধরা নিয়ে ২০২২ সালের ৬ ডিসেম্বর সংঘর্ষে যুবলীগ নেতা জহিরুল ইসলাম নিহত হন। জহির হত্যা মামলাসহ উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন।