সেঞ্চুরির পথে আবু হায়দার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উদ্বোধনী দিনে গতকাল পূর্বাঞ্চলের বিপক্ষে দারুণ ব্যাটিং করে অপরাজিত আছেন আবু হায়দার রনি ও আশিকুর রহমান শিবলি। চার দিনের এই ম্যাচের প্রথম দিনে তাদের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে ২৭২ রানে দিন শেষ করেছে মধ্যাঞ্চল। এদিন অন্য ম্যাচে সম্মিলিত প্রচেষ্টায় ৩১৪ রান সংগ্রহ দক্ষিণাঞ্চলের। পরে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান নিয়ে দিন শেষ করেছে উত্তরাঞ্চল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে দুই উইকেট হারায় মধ্যাঞ্চল। পরপর দুই ওভার মাহফিজুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখকে ফিরিয়ে দেন ইবাদত হোসেন। এরপর জিশান আলমকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন সাদমান। ৮০ বলে ১৮ রান করা জিসানকে আউট করে ৫৭ রানের জুটি ভাঙেন তোফায়েল আহমেদ। নিজের পরের ওভারে অধিনায়ক মার্শাল আইয়ুবকেও সাজঘরে পাঠান এই পেসার। ইনিংস বড় করতে পারেননি ৯৭ বলে ফিফটি স্পর্শ করা সাদমানও (৫৬)। তাকে বিদায় করে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করেন অফ স্পিনার নাঈম হাসান। এরপর মোসাদ্দেক হোসেন আউট হলে ১২৫ রানে ৬ উইকেট হারিয়ে কাঁপতে থাকা দলের হাল ধরেন শিবলি ও আবু হায়দার।

৬৯ বলে প্রথম শ্রেণীর ক্রিকেটে অষ্টম ফিফটি স্পর্শ করেন আবু হায়দার। শিবলির পঞ্চম ফিফটি আসে ১১৮ বলে। ২২৫ বলে ১৪৭ রানের অবিচ্ছিন্ন ইনিংসে দিন শেষ করেন তারা। তিনটি ছক্কা ও ১০টি চারে ১১০ বলে ৯০ রান করে অপরাজিত আছেন আবু হায়দার। এক ছক্কা ও আট চারে ৭৫ রানে খেলছেন শিবলি। দু’টি করে উইকেট নেন ইবাদত ও তোফায়েল। একটি করে উইকেট নাঈম ও মুরাদের।

এদিকে দিনের অন্য ম্যাচে সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চলের প্রথম তিনজনই ভালো শুরু পান। ১৮তম ওভারে এনামুল হকের বিদায়ে ভাঙে ৫৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে ফজলে মাহমুদ করেন ৩৪ রান। পঞ্চম উইকেটে রিজানকে নিয়ে ১০৬ রানে জুটি গড়েন মিঠুন। রিজানের বিদায় ভাঙে তাদের বন্ধন। পরের ওভারে আবদুল্লাহ আল মামুনকে চার মেরে ৬৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। ওই ওভারেই দুই বল পর ক্যাচ দিয়ে বিদায় নেন অভিজ্ঞ ক্রিকেটার। শেষ পর্যন্ত ৩১৪ রানেই থেমে যায় দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে তিনটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মামুন। দু’টি উইকেট সানজামুল ইসলামের।

দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান সংগ্রহ উত্তরাঞ্চলের। মামুন ৬ ও ১০ রানে অপরাজিত ছিলেন সাব্বির হোসেন।