এবার হিজবুল্লাহর প্রধানকে শেষ করা হবে : ইসরাইল

Printed Edition

আলজাজিরা

হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এখন তাদের লক্ষ্যবস্তু বলে জানিয়েছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘এবার হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমকে নির্মূল করা আমাদের লক্ষ্য।’ এর আগে ইসরাইলের যুদ্ধবিমান লেবাননে হামলা চালায়। হামলায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

খামেনির হত্যার জবাবে হিজবুল্লাহ হাইফা-এর কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল। এর পরেই ইসরাইল লেবাননে পাল্টা হামলা চালায়। নাঈম কাসেম হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরাধিকারী, যাকে ইসরাইল ২৭ সেপ্টেম্বর হত্যা করেছিল। ইসরাইল জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে তেহরানের অন্যতম প্রধান মিত্র লেবাননের হিজবুল্লাহর সাথে সংযুক্ত স্থানগুলোতে আক্রমণ করছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বৈরুতের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলিতে হামলা চালানো হয়েছে। যেখানে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। ইসরাইল আরো জানিয়েছে, তারা হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যের ওপরও হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে।

ইরানের বিরুদ্ধে ইসরাইলি অভিযান সম্পর্কে অবহিত একটি সূত্র জানিয়েছে, গত জুনে দুই দেশের মধ্যে সংঘটিত ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন পর্যন্ত হামলা উল্লেখযোগ্যভাবে বেশি তীব্র এবং ব্যাপক হয়েছে। সূত্রটি জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইসরাইলি রিজার্ভ বাহিনীর আরেকটি দলকে ডাকা হবে। সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইল যতটা সম্ভব অস্ত্র আনতে সক্ষম হয়েছে, যার অর্থ প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার কোনো ঘাটতি নেই।