সন্তানকে ‘বাধ্য’ করারনামে ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৬

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় এক নারীর অবাধ্য সন্তানকে ‘বাধ্য’ করার নামে ভয় দেখিয়ে ৩৫ লাখেরও বেশি টাকা হাতিয়ে নেয়া কথিত তান্ত্রিক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাজধানীর জিগাতলা, রায়েরবাজার ও বৃহস্পতিবার যশোর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: জাহাঙ্গীর কবির এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন মো: রাকিব মাতব্বর, মো: আলাউদ্দিন ব্যাপারী, মো: মহিউদ্দিন ব্যাপারী, মো: মানিক, মো: ফরহাদ হোসেন ও মো: মেহেদী হাসান। তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড ফোন ও দু’টি বাটন ফোন জব্দ করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষ করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়।

মো: জাহাঙ্গীর কবির বলেন, গত ১৯ আগস্ট ভুক্তভোগী নারী ‘কোরআনিক শিফা’ নামে একটি ফেসবুক পেজে ‘অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়’ শিরোনামের ভিডিও দেখেন। সেখানে দেয়া নম্বরে যোগাযোগ করলে নিজেকে তান্ত্রিক হিসেবে পরিচয় দেয়া এক ব্যক্তি জানান, জিনের মাধ্যমে তার সন্তানের সমস্যার সমাধান করা হবে। প্রতারণার অংশ হিসেবে প্রথমে বিভিন্ন জিনিসপত্র কেনার অজুহাতে ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ হাজার ৫০০ টাকা বিকাশে নেন। এরপর হোয়াটসঅ্যাপে ‘কালো জাদু’র ছবি পাঠিয়ে কাজ চলছে বলে জানান। পরদিন পুনরায় ফোন করে ‘জিন পরিচয়ে’ চক্রের একজন ভুক্তভোগীর সাথে কথা বলে শিশুটির ভবিষ্যৎ নিয়ে ভয় দেখানো হয়। সমাধানের জন্য ৪৯ হাজার টাকা দাবি করা হয় ভুক্তভোগীর কাছ থেকে। সন্তানকে বিপদ থেকে রক্ষার আশায় তিনি পুনরায় টাকা পরিশোধ করেন। পরে একই কৌশলে ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

এসি মো: জাহাঙ্গীর কবির বলেন, এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারী প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে বুধবার সন্ধ্যায় হাজারীবাগ থানাধীন জিগাতলা-রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে এবং বৃহস্পতিবার যশোরের চৌগাছা থানার যাত্রাপুর এলাকা থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়।