শ্রীপুরে দেবে গেছে সেতু যান চলাচল বন্ধ

Printed Edition

আবুল কালাম আজাদ শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে সেরার খালের ওপর নির্মিত প্রায় ৩৮ বছরের পুরনো একটি সেতুর নিচের অংশ দেবে যাওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে পটকা, বাউনি ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটকা থেকে বাউনি বাজার অভিমুখী মুক্তিযোদ্ধা কবির প্রধান সড়কের ওপর অবস্থিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত ১৬ জুন সেতুর নিচের একটি বড় অংশ দেবে যায় এবং কয়েকটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দেয়। এরপর দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা সেতু দিয়ে চলাচল বন্ধ করে দেন।

পটকা গ্রামের বাসিন্দা শাহজাহান জানান, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও কার্যকর কোনো সংস্কার হয়নি। এখন সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা সাজেদুল করিম বলেন, এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। সেতু বন্ধ থাকায় কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভোগ আরো বাড়বে।

স্কুলশিক্ষার্থী কবির হোসেন জানায়, প্রতিদিন এই সেতু ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করলেও এখন দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে ভোগান্তি।

অটোরিকশাচালক আবদুর রশিদ বলেন, সেতু বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যাত্রী পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে। এতে আয়-রোজগার কমে গেছে এবং যাত্রীদেরও অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইভাবে পিকআপচালক সাইফুল ইসলাম বলেন, মালামাল পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। দ্রুত নতুন সেতু নির্মাণ প্রয়োজন।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরুক আহমেদ বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত নতুন সেতু নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আপাতত বিকল্প চলাচলের ব্যবস্থা করা হবে।

এ দিকে এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ নিরসন ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সেতুটি অপসারণ করে নতুন সেতু নির্মাণ করা হোক।