কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল জয়ী
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টির মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী। সভাপতি পদে সহিদ উল্লাহ (জামায়াত) এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকার (বিএনপি) জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির-২০২৬-২০২৭ সালের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।
এবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি প্যানেল। প্যানেলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ (জামায়াত) এবং মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী এবং তৌফিক আহমেদ চৌধুরী আকাশ’ প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগের ‘ফারুক এবং জামান’ পরিষদ।
বিএনপিরও জামায়াতের প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান সায়েম (বিএনপি)।
উল্লেখ্য, বিএনপি ও জামায়াত প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করে।
কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপিসমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী এবং তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি।
এ ছাড়া নিরপেক্ষ ব্যানারে আওয়ামী লীগের প্যানেলের শুধু সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম দু’টি পদে জয় লাভ করে।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াতের প্যানেলের আবুল হাসনাত হিমেল (বিএনপি), অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), অ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) জয়লাভ করেন।