যাত্রাবাড়ীতে চাঁদা না দেয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৩

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেয়ায় লেগুনাচালক মো: নূরে আলম ইসলাম ওরফে খাইরুলকে (৩৫) পিটিয়ে হত্যা মামলায় তিনজনকে আটক করেছে র‌্যাব-১০। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব-১০। আটকরা হলেন- মো: হৃদয় হোসেন (২৪), মো: সোহান মুন্সীকে (২৯) ও মো: শাকিল (২৯)।

র‌্যাব জানায়, গতকাল গেণ্ডারিয়ার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি মো: হৃদয় হোসেন ও অন্য আসামি মো: শাকিলকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ পাইপ রোড এলাকা থেকে আটক করা হয়। এর আগে শনিবার যাত্রাবাড়ীর কুতুবখালী মাছের আড়ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৫নং আসামি মো: সোহান মুন্সীকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, ঘটনার ২-৩ দিন আগে যাত্রাবাড়ী থেকে চিটাগাংগামী লেগুনা স্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে আসামি মো: হৃদয় হোসেনের সাথে ভিকটিম লেগুনাচালক মো: নূরে আলম ইসলাম ওরফে খাইরুলের বাগি¦তণ্ডা হয়। এ সময় আসামি ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি দেয়। এরই জেরে গত শক্রবার ভিকটিম লেগুনা চালানোর সময় যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামি হৃদয় হোসেন ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম জোরদার করে তাদের আটক করেছে।