স্ত্রীসহ প্রকৌশলী আতিকুরের বাড়ি ফ্ল্যাট-জমি জব্দ

Printed Edition

আদালত প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী ও ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খানের নামে বনশ্রী এবং রামপুরাতে থাকা দু’টি ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া গাজীপুরের কালিগঞ্জে থাকা ৯৫২ শতাংশ জমি জব্দের আদেশ দেয়া হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির পরিচালক তার স্ত্রী নাহিদা ইসলাম নিপার নামে বাড্ডার ছয়তলা বাড়ি এবং সাড়ে তিন কাঠা জমি জব্দের আদেশ দেয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মানসী বিশ্বাস এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।

আতিকুর রহমানের আবেদনে বলা হয়, তার দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ নামে এক কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করা হয়েছে। ভিত্তিহীন ও মিথ্যা বিবৃতি/তথ্য দিয়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ৩৫ লাখ এক হাজার ১৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রেখে এবং ৪৭টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় সাত কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করা হয়েছে। ছদ্মবরণে মালিকানা নিয়ন্ত্রণ করার দায়ে তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।