ঢাবি ক্যাম্পাসে বিজয় র‌্যালি

Printed Edition
3rd-2
ঢাবি ভিসির নেতৃত্বে গতকাল ক্যাম্পাসে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয় : নয়া দিগন্ত

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালির নেতৃত্ব দেন।

সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে র‌্যালিটি শুরু হয়ে টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে শিক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। প্রো-ভিসি চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সিনেট- সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট এবং বহু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী র‌্যালিতে অংশ নেন।

স্মৃতি চিরন্তন চত্বরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

র‌্যালি শেষে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডিসেম্বর মাস আমাদের জাতির পরিচয়ের একটি অনন্য মাইলফলক। ১৯৭১ সালের এ মাসেই আমাদের জাতি চূড়ান্তভাবে রুখে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের, যাদের রক্তে আমাদের স্বাধীনতার ভিত্তি আরো দৃঢ় হয়েছে। তিনি বলেন, এ জাতি প্রয়োজনের মুহূর্তে সবসময়ই ঐক্যবদ্ধ হতে জানে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা দেশমাতৃকার সঙ্কটে একসাথে দাঁড়াই। ইতিহাস বারবার এই সত্যের সাক্ষ্য বহন করেছে। বিজয়ের এই মাস আমাদের সেই ঐক্যবদ্ধতার চেতনাকে আরো শক্তিশালী করুক- এই কামনা করি।

ঢাবি ভিসির সাথে পাকিস্তানের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক মি. জেহানজেব খানের নেতৃত্বে ছয়-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সোমবার ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এ সময় তার সাথে ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক মি. জেহানজেব খান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।