এনসিপির বিবৃতি
বাস্তবতা-বিবর্জিত বাজেট
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ। তিনি বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রস্তাবিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব নয় এবং প্রকৃত হিসাবে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
ড. আতিক মুজাহিদ বলেন, এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট। সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব।
তিনি আরো বলেন, আমার ধারণা, রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে। ফলে সরকারি হিসাবের বাইরে প্রকৃত বাজেট ঘাটতি আরো অনেক বেশি হবে। সুতরাং বাস্তব পরিস্থিতি বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।
এনসিপির এই নেতা দাবি করেন, রাজস্ব আহরণ, বিনিয়োগ পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির বর্তমান চিত্র বিবেচনায় বাজেট প্রণয়নে আরো বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন ছিল।