সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
রুয়েটে ৫ দোকানে জরিমানা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং নিরাপদ খাদ্য অধিদফতর। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রুয়েটের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের আহ্বানে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার সংরক্ষণের সঠিক পদ্ধতি অনুসরণ না করা এবং খাদ্যের মান বজায় রাখতে ব্যর্থ হওয়ার মতো বিভিন্ন অভিযোগ উঠে আসে। অভিযানের সময় কলিযুক্ত কাগজের প্যাকেট, বাসি খাবার ও অনুমোদনহীন ফুড কালার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী, রাজশাহীর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং বিএসটিআইয়ের ইনস্পেক্টিং অফিসার ইঞ্জিনিয়ার জোনায়েদ আহমেদ। রুয়েট প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার। রুয়েট প্রতিনিধি।
লেকে ২ মাদরাসার ছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মনিরুল (১৫) ও শুভ (১৫) গুদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গতকাল মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে বন্ধুদের সাথে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। নিহত মনিরুলের বাবা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। বর্তমানে পরিবারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অপর নিহত শুভর বাবা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকত। নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা।
কাউখালীতে নার্সেস দিবসের র্যালি
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে স্বাস্থ্যসেবা ও নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মো: নাহিদ হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডি সি ডা: অমৃতা সরকার, সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন, উমা পাল, মোসাম্মৎ মেবিন, তানিয়া সুলতানা, সীমা মণ্ডল, শ্রাবণী চক্রবর্তী প্রমুখ। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
সাপের দংশনে শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে সাপের দংশনে মোহাম্মদ আয়াত নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল তৈয়বীয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়াত ওই এলাকার বাসিন্দা মো: রবিউল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আয়াত তার মায়ের সাথে বাড়ির আঙিনায় টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় অন্ধকারে ওঁৎ পেতে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।
পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত
যশোরের ঝিকরগাছা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার দিনব্যাপী বিনিয়োগ পরিকল্পনা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা ও সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার। বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো: শাহজালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন। ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।
শীতলক্ষ্যার জেটিতে শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে উজ্জ্বল (১৯) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শাহ সিমেন্ট ফ্যাক্টরির ৩ নম্বর জেটিতে একটি বাল্কহেড থেকে মালামাল আনলোড শেষে জেটিতে ওঠার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান শ্রমিক উজ্জ্বল। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর প্রায় ৪০ ফুট গভীর পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি মো: জিসান ইসলাম উজ্জ্বলের লাশ উদ্ধার করেন। মুন্সীগঞ্জ প্রতিনিধি।
কচুয়ায় বজ্রপাতে কৃষাণির মৃত্যু
কচুয়ায় বজ্রপাতে পদ্ম রানী (৫৫) নামে এক কৃষাণির মৃত্যু হয়েছে। উপজেলায় ৯ নং কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর পাটোয়ারীর বাড়ীর সুনিলের স্ত্রী পদ্ম রানী। গত সোমবার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ীর সামনের মাঠে পদ্মরানী ধান আনতে গেলে আকস্মিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে। সংজ্ঞাহীন অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা।
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু
চাঁদপুরে ডকইয়ার্ডের নৌযানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মো: জুয়েল নামের (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার চাঁদপুর শহরের ইচুলী ঘাট সেলিম অ্যান্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল শহরের নতুন বাজার মধ্য ইচুলি এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে। এর আগেও গত বছর সেলিম অ্যান্ড ব্রাদার্স নামের এই ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে অন্য এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ রয়েছে। চাঁদপুর প্রতিনিধি।
গোয়াইনঘাটে ওয়ারেন্ট তামিল অভিযান
গোয়াইনঘাট থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। গত সোমবার গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আব্দুল আল নোমান ও গোয়াইনঘাট থানার ওসি মো: মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাগি বাড়ি তল্লাশি, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারিসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়। গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা।