‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষাক্ষেত্রে এর ভবিষ্যৎ’ শীর্ষক কর্মশালা

কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকে আরো সহজ ও কার্যকর করেছে

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক শিক্ষাব্যবস্থায় কেবল প্রযুক্তির সংযোজন নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে আরো সহজ ও কার্যকর করে তুলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি) ও ডেইলি পজিটিভ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অস্ট্রেলিয়ার আর এম আইটি ইউনিভার্সিটির শিক্ষক ড. আরিফ জুবায়ের।

গত শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সেমিনার হলে অনুষ্ঠিত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষাক্ষেত্রে এর ভবিষ্যৎ’ শীর্ষক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে ড. আরিফ জুবায়ের এ মন্তব্য করেন।

কর্মশালায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এআই প্রযুক্তি শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল মো: কাসেম (অব:), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

ড. আরিফ জুবায়ের আরো বলেন, এআই এবং গুগল ফর এডুকেশনের মতো আধুনিক প্রযুক্তি শিক্ষার পরিবেশকে নতুন মাত্রা দিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতিতে শিখতে পারে, সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে পারে এবং আরো সৃজনশীলভাবে চিন্তা করতে সক্ষম হয়। একই সাথে শিক্ষকরা এসব প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার মান বৃদ্ধি করতে পারেন, যা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরো ফলপ্রসূ ও মনোমুগ্ধকর করে তোলে।