ঢাকা-১৯ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত
Printed Edition
আমান উল্লাহ পাটওয়ারী সাভার (ঢাকা)
এয়োদশ জাতীয় সংসদের ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে নয় প্রার্র্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। তবে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নেতা ও সাভারের সাবেক দুইবারের এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অপর দিকে জামায়াতের মনোনীত প্রার্থী তৃণমূল থেকে উঠে আসা ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা (উত্তর) সাবেক তুখোর ছাত্রনেতা ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং জামায়াতের ঢাকা জেলার বর্তমান সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন।
আসনটিতে বৈধ অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ ফারুক খান, খেলাফত মজলিস এ কে এম এনামুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিবি) চৌধুরী হাসান সাহরাওয়ার্দী এবং জাতীয় নাগরিক পার্টি দিলশানা পারুল।
এ আসনটি সাভার উপজেলার সাতটি ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড ও সাভার পৌরসভা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা সাত লাখ ৪৭ হাজার ৭০ জন। বিএনপির পক্ষ থেকে অর্ধডজন প্রার্থীর মধ্য থেকে ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বেছে নিয়েছে দল। ফলে আগে থেকে তিনি মাঠে থাকলেও নিজ দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভিড়ে নিজেকে তেমন ভোটারদের কাছে মেলে ধরতে পারেনি। তবে তিনি পূর্বে দুইবারের সাবেক এমপি হওয়ায় নিজস্ব একটি ভোট ব্যাংক ও জনপ্রিয়তা রয়েছে তারা।
এদিকে থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা আফজাল হোসেন। তিনি দেড় বছর আগে থেকেই কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী সাভার উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভাসহ প্রতিটি ভোটারের কাছে পৌঁছে ব্যাপক সাড়া ফেলেছেন। সাভারে জামায়াতের শক্ত অবস্থান রয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের ভূমিধস বিজয় জামায়াত প্রার্থীর নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এনসিপির দিলশানা পারুল অস্ট্রেলিয়াতে চাকরি করার সুবাদে সাভার-আশুলিয়া একেবাই অপরিচিত মুখ। বিএনপি ও জামায়াত তুলনায় ওই প্রার্থীর মাঠের অবস্থান নেই বললেই চলে। এমনকি এনসিপি থেকে নমিনেশন পাওয়ার পরেও আজ পর্যন্ত এ সংসদীয় আসনে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি বলে জানিয়েছেন ভোটাররা। তাই সাভারের সচেতন ভোটারদের প্রত্যাশা দেশের অন্য সব সংসদীয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ এ আসন থেকে সাভারের মাটি ও মানুষের সাথে পরিচিত কেহ নির্বাচনে জিতে আসলে তাদের কাক্সিক্ষত প্রত্যাশা পূরণ হবে। এ কারণে নির্বাচনী মাঠে দুই পরিচিত মুখ বিএনপি প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং জামায়াত প্রার্থী মাওলানা আফজাল হোসেনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে কে হবেন শেষ পর্যন্ত বিজয় তো নিয়ে চলছে নানা সমীকরণ, বিশ্লেষণ।