‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে তথাকথিত ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত স্কুলশিক্ষার্থী রুমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল ভোর ৫টায় রমনার ‘এ ওয়ান’ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। নিহত রুমান শরীয়তপুর জেলার জালাল উদ্দীনের ছেলে, পরিবারের সাথে কামরাঙ্গীরচরের পূর্বরসুলপুর ৭ নম্বর গলিতে থাকত। স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল রুমান।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, গত শুক্রবার ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে সাইফুল ইসলাম নামে এক কিশোর রুমানকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরদিন অভিযুক্ত সাইফুল ইসলামকে গেণ্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেয়া স্বীকারোক্তিতে সাইফুল জানায়, রুমান তাকে ‘সিনিয়র’ হিসেবে সম্মান না করায় ক্ষুব্ধ হয়ে সে ছুরিকাঘাত করেছিল। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যামামলা হয়েছে।