পুতিনকে থামাতে হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন তিনি : জেলেনস্কি

Printed Edition
onno-2
পুতিনকে থামাতে হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন তিনি : জেলেনস্কি

বিবিসি

ইউক্রেন যুদ্ধে নিজেদের প্রতিরোধ নিয়ে দৃঢ় বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের পরাজয়ের কোনো প্রশ্নই ওঠে না, তারা যুদ্ধ শেষ করবেন বিজয়ী হিসেবে। সপ্তাহান্তে কিয়েভে সরকারি সদর দফতরে জেলেনস্কির সাথে দেখা করেন বিবিসির প্রতিনিধিরা। সাক্ষাৎকারে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেন।

পুতিনের শর্ত অনুযায়ী, ইউক্রেনকে সেসব কৌশলগত এলাকা থেকে সরে যেতে হবে, যা রাশিয়া ১০ হাজারের বেশি সৈন্যের প্রাণহানির পরও দখল করতে পারেনি। জেলেনস্কি বলেন, পুতিন আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন এবং তাকে অবশ্যই থামাতে হবে। জেলেনস্কি বলেন, পুতিন এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করছেন। তাকে পিছু হটাতে একমাত্র উপায় ছিল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, পুতিন এরই মধ্যে এটি শুরু করেছেন। এখানে প্রশ্ন হলো, তিনি কতটা ভূখণ্ড দখল করতে সক্ষম হবেন এবং তাকে কিভাবে থামানো যাবে... রাশিয়া বিশ্বে ভিন্ন এক জীবনধারা চাপিয়ে দিতে চায় এবং মানুষ নিজেদের জন্য যে জীবন বেছে নিয়েছে, সেটির পরিবর্তন করতে চায়।’

রাশিয়ার হাতে এখনো পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চলের ২০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ রয়েছে। ইউক্রেন এই শহরগুলোকে ‘দুর্গ শহর’ বলে। সেগুলোসহ দক্ষিণের খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলের আরো কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের দাবির ব্যাপারে বিবিসি প্রশ্ন করেছিল; যদি এতে যুদ্ধবিরতি আসে, তবে এই দাবি মেনে নেয়াই কি যুক্তিসঙ্গত নয়? উত্তরে জেলেনস্কি বলেন, ‘‘আমি বিষয়টিকে ভিন্নভাবে দেখি। আমি এটিকে শুধু একটি ভূখণ্ড হিসেবে দেখি না। আমি এটিকে পরিত্যাগ করা হিসেবে দেখি আমাদের অবস্থান দুর্বল করা এবং সেখানে বসবাসকারী আমাদের লাখ লাখ মানুষের হাত ছেড়ে দেয়া হিসেবে দেখি। আমি বিষয়গুলো এভাবেই দেখি। আমি নিশ্চিত, এই ‘প্রত্যাহার’ আমাদের সমাজকে বিভক্ত করবে।’

বিবিসির প্রশ্ন ছিল, ‘কিন্তু যদি এতে প্রেসিডেন্ট পুতিন সন্তুষ্ট হন, তাহলে এটিই ভালো মূল্য নয় কি? আপনি কি মনে করেন, এতে তিনি সন্তুষ্ট হবেন?’ জেলেনস্কি বলেন, ‘সম্ভবত এটি তাকে সাময়িকভাবে সন্তুষ্ট করবে। তার একটি বিরতি দরকার; কিন্তু একবার তিনি সামলে উঠলে..., আমাদের ইউরোপীয় অংশীদাররা বলেছেন, পুতিনের সামলে উঠতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে; কিন্তু আমার মতে, তিনি এক বা দুই বছরের বেশি সময় নেবেন না। এরপর তিনি কোথায় যাবেন? আমরা জানি না, তবে একটি সত্য এটাও যে তিনি হয়তো যুদ্ধ আবার শুরু করতে চাইবেন।’