শালিখায় মাদকসেবীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
Printed Edition
শালিখা (মাগুরা) সংবাদদাতা
মাগুরার শালিখা উপজেলায় মাদকসেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটো মণ্ডল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। বৃহস্পতিবার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটো মণ্ডল গজদূর্বা গ্রামের টোকন মণ্ডলের ছেলে এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১০টার দিকে পার্শ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিমসহ কয়েকজন গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়েঘরে মাদকসেবন করছিল। বিষয়টি জানতে পেরে টিটো মণ্ডল স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনে বাধা দেয়। এ সময় মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
হামলায় টিটো মণ্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে টিটো মণ্ডলের মৃত্যু হয়। আহতদের মধ্যে লাবিব, ডলার ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, মাদকসেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শালিখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। শালিখা থানার ওসি আবু সাইদ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যামামলা হয়েছে। ঘটনার মূল আসামি সিফাত বিন ফাহিমকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।