ইউনিয়ন যুবলীগ নেতা ও মেম্বারের কারসাজিতে রাস্তার গাছ চুরি

Printed Edition

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের চিরিরবন্দরে সরকারি রাস্তার পাশে লাগানো মূল্যবান গাছ কেটে চুরির চেষ্টাকালে এলাকাবাসীর হাতে আটক হওয়ার ঘটনা ঘটেছে। পরে আটক করা গাছগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেয়া হয়। ঘটনাটি ঘটে গত বুধবার দিবাগত রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি কলেজ থেকে নওখৈড়গামী সড়কে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতা এবং স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, শাহিন হোসেন ও মনজের আলীর নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ চক্র সরকারি উদ্যোগে লাগানো ৩৬টি মূল্যবান গাছ কেটে ফেলে। গভীর রাতে গাছ কাটার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গাছ কাটা শ্রমিকদের হাতেনাতে আটক করে। পরদিন সকালে কাটা গাছগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আবারো বাধা দিয়ে গাছগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে জমা দেয়।

স্থানীয়দের দাবি, আটক করা গাছগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকা। তারা আরো জানান, অভিযুক্ত ইউপি সদস্যদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে রাস্তার পাশে লাগানো শতাধিক মেহগনি, এপিল, কড়ই ও শিশুগাছ কেটে লুটপাট করে আসছে। সম্প্র্রতি এলাকাবাসী নজরদারি বাড়ালে এ চুরির ঘটনা ধরা পড়ে।

ঘটনার পর অভিযুক্ত ইউপি সদস্যরা এলাকায় গা ঢাকা দিয়েছেন এবং তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা ইউএনও ফাতেহা তুজ জোহরা জানান, ইসবপুর ইউনিয়নের প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব পাল বিষয়টি তাকে ও থানার ওসিকে অবহিত করেছেন। গাছগুলো জব্দ অবস্থায় রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।