পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কলেজ গেটে তালা
Printed Edition
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া একদল শিক্ষার্থী কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। গতকাল রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষক ও কলেজ মসজিদের মুসল্লিরা কিছু সময়ের জন্য ভেতরে আটকা পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ সূত্র জানায়, ২০২৬ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ৩৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথমে ২৮ জন সব বিষয়ে উত্তীর্ণ হয়। পরে প্রথম, দ্বিতীয় ও বিশেষ বিবেচনায় আরো ১৫১ জনকে পাস দেয়া হয়। ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে হট্টগোল করে এবং গেটে তালা লাগিয়ে দেয়।
বিক্ষোভকারী শিক্ষার্থী জাহেদুল ইসলাম অভিযোগ করেন, অনেকেই ৬-৭ বিষয়ে ফেল করলেও রাজনৈতিক সুপারিশে তাদের পাস করানো হয়েছে। নুসরাত জাহান প্রেমা বলেন, যারা ২-৩ বিষয়ে ফেল করেছেন, তাদেরও পাস দেয়ার দাবি জানিয়ে তারা আন্দোলন করছেন।
অভিযোগ অস্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম বলেন, নিয়মিত পড়াশোনা না করা কিছু শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ইংরেজি ও আইসিটি বিষয়ে নির্দিষ্ট নম্বর পাওয়া শিক্ষার্থীদের বিবেচনায় পাস দেয়া হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ সঠিক নয়। মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরীফ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তালা খুলে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।