পদত্যাগে প্রস্তুত সার্বিয়ার প্রেসিডেন্ট আগাম নির্বাচন আহ্বান

Printed Edition

ইউরো নিউজ

আগামী কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন সার্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। একই সাথে সার্বিয়াতে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের আগাম নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভুসিচ। শনিবার (২৭ জুন) তিনি এ ঘোষণা দিয়েছেন। শনিবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারপন্থী এক সমাবেশে ভুসিচ বলেন, আমি আর মাত্র কয়েক সপ্তাহ প্রেসিডেন্ট থাকব, এরপর পদত্যাগ করব। আগাম নির্বাচনে তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি-কে তিনি সমর্থন করবেন।

তবে, তিনি পদত্যাগের নির্দিষ্ট তারিখ বা আগাম নির্বাচনের জন্য প্রয়োজনীয় পার্লামেন্ট ভেঙে দেয়ার সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ভুসিচের মেয়াদ ২০২৭ সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা ছিল। তবে, সাম্প্রতিক সময়ে তিনি পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে, তিনি আবার প্রধানমন্ত্রী পদে ফিরতে পারেন। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সার্বিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রায় দেড় বছর ধরে চলা শিক্ষার্থী-নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্যেই এই ঘোষণা দিলেন ভুসিচ। ২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার নোভি সাদ শহরের রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। নির্বাচনে জালিয়াতি, দুর্নীতি ও বেকারত্বসহ নানা কারণে তখন থেকেই আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিলো আন্দোলনকারীরা।