রাজধানীতে মহিলাদের জন্য বাস চালুর নির্দেশ
যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার নিয়মিত যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয় বলে জানান সরকারপ্রধানের অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। অন্য দিকে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করতে সড়ক পরিবহনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আরো কয়েকজন মন্ত্রীর সাথে পৃথক বৈঠক করেন তিনি।
প্রতিদিনের মতো গতকালও গুলশানের বাসা থেকে সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। আগের দিন রোববারও সচিবালয়ে অফিস করেন তিনি। ওই দিনও তিনি ৯টার কিছু পরে অফিসে প্রবেশ করেন।
গতকাল দিনের কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসন নিয়ে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব বলেন, অফিসে এসে সবার আগে ঢাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সাথে কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল হকসহ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানতে চান। এ সময় বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীর কাছে যানজট নিরসনের বিষয়ে বিস্তারিত জানান এবং একটি লিখিত ডকুমেন্টও হস্তান্তর করেন। তারা বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে ঘনবসতিপূর্ণ ঢাকার যানজট নিরসনের বিষয়টি সমাধান সম্ভব বলে প্রধানমন্ত্রীকে জানান।
এ ছাড়া রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের সংস্কার ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সাথে কথা বলেছেন এবং তাদের মতামত শুনেছেন। তিনি দ্রুত মাজার প্রাঙ্গণের সংস্কারে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাসসার্ভিস চালুর জন্য মন্ত্রীকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রীর সাথে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেখা করতে এলে তিনি সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে রবিউল ইসলামের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দেন। প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাসসার্ভিস চালুর জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
অতিরিক্ত প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর প্রাঙ্গণের সংস্কার ও উন্নয়নকাজ ঈদের আগে শেষ করার নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ ও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সাক্ষাতে মুক্তিযোদ্ধামন্ত্রী ‘জুলাই শহীদ’ পরিবার ও আহতদের পুনর্বাসন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া আহতদের শিক্ষাভাতা ও কর্মসংস্থানের পরিকল্পনার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা আবার যাচাই চলছে জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ভুয়া ব্যক্তিদের পর্যায়ক্রমে তালিকা থেকে বাদ দেয়া হবে। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করছে। ইতোমধ্যে ৩০০ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দিয়েছে। এটা চলমান প্রক্রিয়া, যা কিছু সুযোগ-সুবিধা আছে, তা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পান, এ জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধা পর্যায়ক্রমে বাদ দেয়া হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা অন্যায়ভাবে আর্থিক সুবিধা পেয়েছেন, সেগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
জুলাইযোদ্ধাদের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী ‘অত্যন্ত সজাগ’ জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন। জুলাইযোদ্ধাদের জন্য নেয়া অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন মন্ত্রী। এ ছাড়া আরো বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, আসন্ন এসএসসি পরীক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের মানদণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রী জানান।