৩৪২ মডেল মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে : ধর্মমন্ত্রী

Printed Edition

সংসদ প্রতিবেদক

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী দেয়া অব্যাহত রেখেছে সরকার। বর্তমানে ১২ হাজার ৮১০ জন এ কর্মসূচির আওতায় রয়েছেন। একই সাথে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে নেয়া ৫৬৪টি মডেল মসজিদ প্রকল্পের মধ্যে ৩৪২টির নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং আরো ১৮৬টির কাজ চলমান রয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রায় সাড়ে ৬ লাখ ইমাম-মুয়াজ্জিনের সম্ভাব্য হিসাব

গাইবান্ধা-১ আসনের সদস্য মো: মাজেদুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনের সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের তথ্য অনুযায়ী দেশে তিন লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে। সে হিসাবে ইমাম ও মুয়াজ্জিনের সম্মিলিত সংখ্যা প্রায় ছয় লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।

২০২৮ সালের মধ্যে শেষ হবে মডেল মসজিদ প্রকল্প

সিরাজগঞ্জ-৪ আসনের সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৪২টি মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং ১৮৬টির কাজ চলমান রয়েছে। অবশিষ্ট মসজিদগুলোর নির্মাণকাজ ২০২৮ সালের জুনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী আরো জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বর্তমানে সারা দেশে সাত হাজার ৪০০টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছে। এ ছাড়া পুরোহিত ও মন্দির পরিচর্যাকারীদের প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে। ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর ষষ্ঠ পর্যায় আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। তিনি বলেন, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে বর্তমানে এ ধরনের কোনো প্রকল্প নেই। তবে প্রয়োজন ও বাজেট বরাদ্দের ভিত্তিতে ভবিষ্যতে উদ্যোগ নেয়া হতে পারে।

হজযাত্রী কমেছে ৮ হাজার ৬০০ জন

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে সৌদি আরবে হজ পালনকারী বাংলাদেশীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় আট হাজার ৬০০ জন কমেছে। চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশী হজ পালন করেছেন।